নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২৪ সেপ্টেম্বর:শিলিগুড়ির হিলকার্ট রোডে ছিনতাই।
দুষ্কৃতীরা ছিনতাই করে নিল আইফোন এবং স্বর্ণালংকার।
শিলিগুড়ির হিলকার্ট রোডে ছিনতাই এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।
এনজেপি থেকে টোটোয় বাড়ি ফেরার পথে দম্পতির কাছ থেকে ছিনতাই, ১৬ দিন পর দুই অভিযুক্ত গ্রেপ্তার।
পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হল ছিনতাই হওয়া আইফোন ও প্রায় ৪.৫০ গ্রাম সোনার অলংকার।
কলকাতা থেকে ফিরে এনজেপি স্টেশন থেকে টোটোয় চড়ে বাড়ি ফেরার পথে হিলকার্ট রোডে এক দম্পতির কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ১৬ দিন পর সাফল্য পেল শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজা দাস এবং অভিজিৎ যাদব। দু’জনই শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনি এলাকার বাসিন্দা বলে শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন এবং প্রায় ৪.৫০ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ তারিখ সকালে কলকাতা থেকে ফিরে ইয়াংকি দর্জি ভুটিয়া ও তাঁর স্ত্রী এনজেপি স্টেশন থেকে টোটোয় চড়ে দাগাপুরে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, এনজেপি থেকেই স্কুটিতে থাকা দুই যুবক ওই দম্পতির টোটোকে অনুসরণ করে তাঁদের উপর নজর রাখতে শুরু করে। এরপর হিলকার্ট রোডে সুযোগ বুঝে চলন্ত টোটোয় থাকা ওই মহিলার হাত থেকে হ্যান্ডব্যাগ ছিনিয়ে নিয়ে স্কুটিতে চেপে পালিয়ে যায় দুই যুবক।
ঘটনার পর গত ৬ তারিখ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ দুই অভিযুক্তের পরিচয় জানতে পারে।
এরপর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৯ তারিখ ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাজা দাস ও অভিজিৎ যাদবকে গ্রেপ্তার করে পুলিশ। দু’জনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করে তাঁদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে দু’জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, রিমান্ডে নিয়ে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত রাতে পাতি কলোনিতে রাজা দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ছিনতাই হওয়া একটি আইফোন এবং প্রায় ৪.৫০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
তদন্তকারী পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, দুই অভিযুক্ত ভোর বা সকালের দিকে এনজেপি স্টেশন থেকে টোটোয় যাতায়াত করা যাত্রীদের উপর নজর রাখত। সুযোগ বুঝে চলন্ত টোটোয় থাকা যাত্রীদের কাছ থেকে ছিনতাই করাই ছিল তাদের উদ্দেশ্য। গত ৪ তারিখেও একই কায়দায় ওই দম্পতিকে অনুসরণ করে হিলকার্ট রোডে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ।
এদিকে, পাঁচ দিনের পুলিশি রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ দুই অভিযুক্তকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালানোর পাশাপাশি অভিযুক্তরা এর আগে একই কায়দায় আরও কোনও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে।
উদ্ধার হওয়া সামগ্রী আইনি প্রক্রিয়া মেনে ওই দম্পতির হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
