Thursday, October 1, 2026
HomeBreakingঅবসরপ্রাপ্ত পুলিশের বাড়িতে চুরি! গ্রেফতার মহিলা

অবসরপ্রাপ্ত পুলিশের বাড়িতে চুরি! গ্রেফতার মহিলা

প্রসেনজিৎ রাহা শিলিগুড়ি ১ অক্টোবর:শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের অভিযানে বড়সড় সাফল্য। বাড়ি থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ রুপোর অলংকার, কাঁসা ও পিতলের সামগ্রী উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
মাটিগারা থানার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ আগস্টে শরদাপল্লী শিবমন্দির এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডিএসপি হেমন্ত দাস মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তাঁর বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ঢুকে বিপুল পরিমাণ রুপোর অলংকার, পিতল ও কাঁসার বিভিন্ন সামগ্রী এবং নগদ দুই হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশের হাতে আসে এক সন্দেহভাজনের তথ্য।

এরপর তদন্ত চালিয়ে রায়গঞ্জ থানার শক্তিনগর এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সি ধীরাজ শা ওরফে বাপ্পা শাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশের দাবি, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় ধীরাজের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। সেই সূত্র ধরেই মাটিগাড়া থানার বাইপাস রোড, এএইচ-২ এলাকার বাসিন্দা গুলসান খাতুন নামে এক মহিলার কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পিতল ও কাঁসার সামগ্রী এবং কিছু রুপোর অলংকার।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া পিতল ও কাঁসার সামগ্রীর মোট ওজন প্রায় ১০ কেজি ৫০০ গ্রাম। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী নিয়ম মেনে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই ঘটনায় গুলসান খাতুনকেও গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলির মধ্যে অভিযোগকারীর বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত জিনিস রয়েছে কি না, পাশাপাশি এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং।

তদন্ত এখনও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments