Monday, September 28, 2026
HomeBreakingসোশ্যাল মিডিয়ায় সোনা গয়না টাকা বাড়িঘর দেখাতে সাবধান

সোশ্যাল মিডিয়ায় সোনা গয়না টাকা বাড়িঘর দেখাতে সাবধান

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি ২৮ সেপ্টেম্বর:সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা দেখিয়ে লাইমলাইটে আসা এক ইউটিউবারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

শো-অফ নাকি বড় বিপদ? সোশ্যাল মিডিয়ায় সম্পদ দেখিয়ে ১ কোটির সম্পত্তি খোয়ালেন এক ইউটিউবার!

সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে ও ভিউ বাড়াতে নিজের অলংকার ও কাড়ি কাড়ি টাকা প্রদর্শন করেছিলেন জনপ্রিয় ইউটিউবার মধুমিতা। কিন্তু সেই অনলাইন পপুলারিটিই তাঁর জন্য ডেকে আনল চরম বিপদ। সম্প্রতি তামিলনাড়ুর নাগরেকয়েলে তাঁর বাসভবনে পিছনের দরজার তালা ভেঙে এক বড়সড় চুরি সংগঠিত হয়েছে। লকার থেকে উধাও হয়ে গেছে প্রায় ৯৬০ গ্রাম সোনার গহনা, একাধিক হীরের অলংকার এবং নগদ ৫০ হাজার টাকা—যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা!

মধুমিতা তাঁর ইউটিউব ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রতিনিয়ত বিলাসবহুল জীবনযাত্রার রিল পোস্ট করতেন। কখনো বিছানার ওপর ৫০০ টাকার নোটের বান্ডিল ছড়িয়ে রাখা, কখনো সন্তানকে কাড়ি কাড়ি টাকায় ভরিয়ে দেওয়া, আবার কখনো প্রতি মাসে লাখ লাখ টাকার সোনা কেনার দাবি করা ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল। শুধু তাই নয়, কেনাকাটা ও ভ্রমণের লাইভ আপডেটও নিয়মিত শেয়ার করতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় পরিবারসহ কেনাকাটায় বেরিয়েছিলেন তিনি। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই চোরেরা ঘরে ঢোকে এবং নিখুঁতভাবে লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।
রাজাক্কামঙ্গলম থানার পুলিশ এলাকাটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্তে ৫টি বিশেষ টিম গঠন করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে মধুমিতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ট্রাভেল আপডেট এবং লাইভ লোকেশনের ওপর নজর রাখছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরের অবস্থান ও আলমারিতে গহনা রাখার খবর পেতেই এই ছক কষা হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা ডিজিটাল যুগের এক চরম সতর্কবার্তা। লাইক, কমেন্ট ও ভিউয়ের চক্করে নিজের ধনসম্পদ বা ব্যক্তিগত অবস্থান অনলাইনে প্রকাশ্যে আনা কতটা বিপজ্জনক হতে পারে, নাগরেকয়েলের এই ঘটনাই তার বড় প্রমাণ।
আপনার কী মতামত? সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের এমন ওভার-শেয়ারিং কি নিরাপত্তা ঝুঁকিতে ফেলে? কমেন্টে জানান আপনার মতামত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments