Friday, October 2, 2026
HomeBlogমায়ের মৃতদেহের পাশেই রাত কাটালো ছেলে!

মায়ের মৃতদেহের পাশেই রাত কাটালো ছেলে!

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২ অক্টোবর:মাটিগাড়ায় মাকে খুনের অভিযোগ!
মায়ের মৃতদেহের সঙ্গেই রাত কাটাল ছেলে, আটক অভিযুক্ত।

মাকে খুনের অভিযোগ উঠল মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মাটিগাড়া থানার অন্তর্গত পাথরঘাটা এলাকার ঝাউগুড়ি বস্তিতে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম সীতা ওঁড়াও। ঘটনার পর সন্দেহজনক অবস্থায় তাঁর ছেলেকে আটক করেছে মাটিগাড়া থানার পুলিশ। তবে ঠিক কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ, ছেলের হাতেই খুন হয়েছেন সীতা ওঁড়াও। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে রাখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মাকে খুন করার পরেও মায়ের মৃতদেহের পাশেই রাত কাটিয়েছে অভিযুক্ত ছেলে। এমনকী, সারা রাত মায়ের মৃতদেহের সঙ্গেই ছিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত একটা থেকে দুটোর মধ্যে ওই মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায় ছয় বছর আগে ওই মহিলার এক সন্তানেরও রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। এবার তাঁর নিজের মৃত্যুকে ঘিরেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। স্থানীয় কয়েকজনের দাবি, মৃত মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। আবার এলাকাবাসীর একাংশের অভিযোগ, অভিযুক্ত যুবক মাদকাসক্ত। তাঁদের দাবি, ওই যুবক মাকে গলা টিপে খুন করেছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশের তরফে নিশ্চিত করা হয়নি।

তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করুক পুলিশ।

ছেলের হাতেই কি খুন হয়েছেন সীতা ওঁড়াও? নাকি এই রহস্যজনক মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে মাটিগাড়া থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments