নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২৯ সেপ্টেম্বর:শিলিগুড়িতে চলছে টা কি!
কোথাও পান দোকানে বিক্রি হচ্ছে ব্রাউন সুগার।
কোথাও চায়ের দোকানে বিক্রি হচ্ছে ব্রাউন সুগার।
কোথাও আবার হোম ডেলিভারি।
শিলিগুড়ি শহরের তরুণ যুব প্রজন্মকে শেষ করে দিচ্ছে ব্রাউন সুগার।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ হাজারো চেষ্টা চালিয়েও ব্রাউন সুগার কারবারিদের কোমর ভাঙতে পারছে না।
গতকাল রাতে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মালদার যুবককে গ্রেফতার করে।
আবার রাতে অভিযান চালালো স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ।
এবার ২৯২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মাদক বিক্রেতা সহ ক্রেতা দম্পতি, উদ্ধার লক্ষাধিক টাকা।
গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরার কেষ্টপুর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। সেখানেই হাতবদলের উদ্যেশ্যে জড়ো হয়েছিল ৩ মাদক কারবারি। একটি বিলাসবহুল গাড়ি করে মাদক ডেলিভারি নিতে এসে গ্রেপ্তার দম্পতি। পুলিশ সূত্রে খবর, মালদা কালিয়াচক থেকে ব্রাউন সুগারগ হাত বদলের উদ্দেশ্যে নিয়ে এসেছিল এক মাদক কারবারি। অপরদিকে নকশালবাড়ির তোতারাম জোত থেকে এক দম্পতি মাদক ডেলিভারি নিতে এসে গ্রেপ্তার। ধৃত, তারাপদ মন্ডল, মালদার কালিয়াচকের বাসিন্দা এবং মহম্মদ আনিসুল ও সাইগাম খাতুন নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ২৯২ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা। আটক করা হয়েছে তাদের গাড়ি। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।
