নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২ অক্টোবর:চুরির কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত নেমে ঘটনার রহস্যভেদ, নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার। গ্রেপ্তার অভিযুক্ত।
সিলিগুড়ির হাতি মোড় এলাকায় গতরাতে একটি বাড়িতে চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তার কিনারা করল সিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন্টি ক্রাইম উইং এর পুলিশ। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী অভিযোগকারী মীরা লেপচার হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, শিলিগুড়ির হাতি মোড় এলাকার একটি বাড়ি থেকে গতরাতে নগদ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়ে যায়। ঘটনার পর বাড়ির মালিক মীরা লেপচা সিলিগুড়ি থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই সিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ তদন্তে নামে। দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী মীরা লেপচার হাতে তুলে দেওয়া হয়। নিজের চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মীরা লেপচা জানান, এত অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া সামগ্রী ফিরে পাবেন, তা তিনি একেবারেই আশা করেননি। বিশেষ করে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা থাকলেও নগদ টাকাও উদ্ধার হয়ে ফিরে আসায় তিনি অত্যন্ত খুশি।
অভিযোগকারীর দাবি, উদ্ধার হওয়া নগদ টাকা তাঁর এক আত্মীয়ের চিকিৎসার জন্য বাড়িতে রাখা হয়েছিল। ওই আত্মীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার খরচ মেটানোর জন্য টাকা জমিয়ে রাখা হয়েছিল। এর মধ্যেই বাড়ি থেকে সেই টাকা চুরি হয়ে যায়।
চুরির কয়েক ঘণ্টার মধ্যেই নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি তাঁর আস্থা আরও বেড়েছে বলে জানান মীরা লেপচা।এই ঘটনার বিষয়ে তদন্ত এখনও চলছে বলে শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।
