Wednesday, September 30, 2026
HomeBreakingজঞ্জালে ঢাকছে শহর শিলিগুড়ি! কর্ম বিরতিতে জঞ্জাল সাফাই কর্মীরা

জঞ্জালে ঢাকছে শহর শিলিগুড়ি! কর্ম বিরতিতে জঞ্জাল সাফাই কর্মীরা

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ৩০ সেপ্টেম্বর:শিলিগুড়িতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সাফাই কর্মীরা, বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি। আজ কর্ম বিরতির দ্বিতীয় দিন।
গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার ঘোষণা করেছিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী কল্যাণ সংগঠন। একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার শিলিগুড়ি শহরে মিছিল বের করেন কয়েকশো সাফাই কর্মী।

শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়। এরপর হিলকার্ট রোড হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ফের বাঘাযতীন পার্কে এসে শেষ হয় মিছিল। হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। গতকাল থেকেই শুরু হয় তাদের আন্দোলন। শহরের জঞ্জাল সাফাই এর কাজ বন্ধ রেখেছেন তারা।

সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সাফাই কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটি। কর্মীদের অভিযোগ, বর্তমানে মাত্র ৯ হাজার টাকা বেতনে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাঁদের দাবি, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে একই বেতনে কাজ করে আসছেন বহু সাফাই কর্মী। অথচ সময়ের সঙ্গে জীবনযাত্রার খরচ অনেকটাই বেড়েছে।

শিলিগুড়ি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাফাই কর্মীরা। কিন্তু তাঁদের অভিযোগ, কাজের তুলনায় তাঁরা উপযুক্ত পারিশ্রমিক বা সুযোগ-সুবিধা পাচ্ছেন না। ছুটির ব্যবস্থাও নেই বলে দাবি তাঁদের। বিশেষ করে পুজো-পার্বণের সময় বাড়তি কাজের চাপ তৈরি হলেও সেই অনুযায়ী কোনো অতিরিক্ত সুবিধা মেলে না বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

শুধু বেতন বা ছুটিই নয়, চিকিৎসা পরিষেবা-সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত বলে অভিযোগ সাফাই কর্মীদের।

এদিকে, আজ দ্বিতীয় দিনেও শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে সাফাই কর্মীদের একাংশ কাজে যোগ দেননি। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সাফাই কর্মীদের বক্তব্য, তাঁদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে কর্মবিরতি চলবে। আর এই কর্মবিরতি দীর্ঘায়িত হলে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় জঞ্জাল জমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

শহরবাসীর প্রশ্ন, যাঁরা প্রতিদিন শিলিগুড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদের দীর্ঘদিনের দাবি কি এবার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে প্রশাসন? নাকি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই কর্মবিরতি?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments