নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২০ সেপ্টেম্বর:সিতং হোমস্টে-তে হানিমুনে ঘুরতে গিয়ে এক গৃহবধুর অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোমস্টের মালিক ও ব্যবস্থাপকসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
দার্জিলিং পাহাড়ের সিতং এলাকার একটি হোমস্টেতে বারবিকিউ করার সময় আগুনে পুড়ে এক নবদম্পতি গুরুতরভাবে দগ্ধ হওয়ার ঘটনায় হোমস্টের মালিক, ম্যানেজার ও এক শ্রমিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে দার্জিলিং পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন ১৮ বছর বয়সী নাসিরউদ্দিন, হোমস্টে ম্যানেজার দীপেন লামা, হোমস্টের মালিক পবন কুমার আগরওয়াল এবং তার ছেলে নিহাল আয়রন। অভিযোগ রয়েছে, নাসিরউদ্দিন বারবিকিউ করার সময় আগুনে তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলেছিলেন।
গ্রেপ্তারের পর শনিবার চারজনকেই খারসাংয়ের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ধৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল। শুনানির পর আদালত চার অভিযুক্তকেই চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১০৮, ১১৮(২), ৩(৫) এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটিতে গুরুতর আঘাত এবং হত্যারচেষ্টা সম্পর্কিত বিধানও অন্তর্ভুক্ত রয়েছে।
এই মামলার পরবর্তী শুনানি ২৩শে সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
গত ১৩ই সেপ্টেম্বর রাতে চোপড়ার এক নবদম্পতি, যারা মধুচন্দ্রিমায় ছিলেন সিতং এলাকার একটি হোমস্টেতে, বারবিকিউ করার সময় আগুনে পুড়ে গুরুতর আহত হন তারা। অগ্নিদগ্ধ ওই গৃহবধূ বর্তমানে শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগুনে ওই মহিলার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বিউরো রিপোর্ট আমার বাংলা।
