প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি ৫ নভেম্বর:শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির অন্তর্গত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ইন্ডি জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি অভিযোগ করেন, দেশের জনগণের আস্থা হারিয়ে এবং একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দলগুলি এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা নষ্ট করার ষড়যন্ত্রে নেমেছে। ক্ষমতা দখলের উদ্দেশ্যে দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করা এবং অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালানোই কংগ্রেস ও তার সহযোগী দলগুলির বর্তমান রাজনৈতিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ শ্রী রাজু বিস্তা, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী বাপি গোস্বামী, শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্রী অরুণ মণ্ডল, বিভাগ কো-কনভেনর শ্রী রাজু সাহা এবং রাজ্য বিজেপির মিডিয়া কনভেনর শ্রী অনুপম ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে ভারতের অভূতপূর্ব উন্নয়ন ও আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী দিনরাত দেশের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। সমাজের প্রতিটি শ্রেণি ও সম্প্রদায়ের উন্নয়ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে একাধিক নতুন নীতি, প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করে সেগুলির সময়োপযোগী বাস্তবায়ন করেছেন। এর ফলেই আজ ভারত নতুন আত্মবিশ্বাসে এগিয়ে চলেছে। ভারতের এই উন্নয়নের যাত্রাকে বিশ্বের উন্নত দেশগুলিও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশের এই ইতিবাচক পরিবেশ নষ্ট করতে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা ধারাবাহিকভাবে নেতিবাচক রাজনীতির আশ্রয় নিচ্ছেন। দেশের মানুষ তাঁদের এই প্রচেষ্টাকে সমর্থন করছেন না।
কংগ্রেসের দীর্ঘ শাসনকাল এবং বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে শ্রী সোনোয়াল বলেন, প্রায় ৬০ বছর দেশ শাসন করার পরেও কংগ্রেস দারিদ্র্য দূর করতে পারেনি, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারেনি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। একইভাবে ইন্ডি জোটের অন্তর্ভুক্ত তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দল নিজেদের রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি। অথচ আজ সেই দলগুলিই দেশের মানুষের মধ্যে ভুল তথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তাঁর অভিযোগ, ক্ষমতার প্রতি অতিরিক্ত লোভই বিরোধীদের এই রাজনৈতিক অবস্থানের প্রধান কারণ। জনগণের উন্নয়নের পরিবর্তে নিজেদের রাজনৈতিক ও পারিবারিক স্বার্থ সুরক্ষিত করাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
অসমে অনুপ্রবেশের সমস্যা এবং কংগ্রেসের ভূমিকা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,কংগ্রেসের শাসনকালে বিদেশি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ১৯৮৩ সালে IMDT আইন কার্যকর করা হয়েছিল। তাঁর অভিযোগ, এই আইন ভারতীয় নাগরিকদের স্বার্থের পরিপন্থী ছিল এবং অসমে বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ ও বহিষ্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল।
তিনি স্মরণ করিয়ে দেন, বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বহিষ্কারের দাবিতে অসমে দীর্ঘ ছয় বছর আন্দোলন চলেছিল। কিন্তু কংগ্রেস সরকার সেই দাবি পূরণে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেনি। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট IMDT আইনকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়।
এই প্রসঙ্গে শ্রী সোনোয়াল অভিযোগ করেন, কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত বারবার দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে বিপন্ন করেছে।
জাতীয় নিরাপত্তার প্রশ্নে কংগ্রেস এবং বিজেপি সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে ভারতের উপর একাধিক আক্রমণ হলেও তার যথাযথ জবাব দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শত্রুপক্ষের আক্রমণের কঠোর জবাব দিয়েছে এবং বিশ্বমঞ্চে একটি আত্মমর্যাদাশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছে।
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে, তা দেশবাসীকে গর্বিত করেছে। দেশ ও বিদেশে বসবাসকারী ভারতীয়রা সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করেছেন। অথচ সেই সময়েও কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি সমালোচনায় ব্যস্ত ছিল বলে তিনি অভিযোগ করেন।
তাঁর বক্তব্য, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও বিরোধীদের রাজনৈতিক অবস্থান প্রমাণ করে যে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে কংগ্রেস ও বিরোধীদের অবস্থানের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,কংগ্রেসের শাসনকালেই দশবার Special Intensive Revision বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অথচ বর্তমানে একই প্রক্রিয়ার বিরোধিতা করে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, SIR-এর মূল উদ্দেশ্য একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা, যেখানে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম থাকবে এবং কোনও বিদেশি অনুপ্রবেশকারীর নাম অন্তর্ভুক্ত হবে না।
তাঁর কথায়,“ভোটার তালিকায় প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম থাকা উচিত। কোনও বিদেশি অনুপ্রবেশকারীর নাম সেখানে অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের নাগরিকদেরই তাঁদের জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। বিদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলে তা দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শ্রী সোনোয়াল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বিদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশের সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি।
অন্যদিকে শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশি অনুপ্রবেশের সমস্যা মোকাবিলায় বিজেপি নেতৃত্বাধীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিটি রাজ্যকে শক্তিশালী ও নিরাপদ করে তোলার লক্ষ্যে কাজ চলছে।
নির্বাচনে পরাজিত হলেই নির্বাচন কমিশন, ইভিএম এবং সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি বলেন, রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা নির্বাচনে পরাজিত হলেই কখনও ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, আবার ব্যালট পেপারে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন। এর থেকেই স্পষ্ট, জনগণের রায়কে সম্মান করার পরিবর্তে তাঁরা নিজেদের পরাজয়ের দায় গণতান্ত্রিক ব্যবস্থার উপর চাপিয়ে দিতে চাইছেন।
তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠান ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করেছে এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ বিরোধীরা সেই প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করছে।
তিনি বলেন, যে প্রতিষ্ঠানগুলি দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করেছে, সেগুলিকে দুর্বল করার প্রচেষ্টা প্রকৃতপক্ষে দেশের গণতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নেওয়ার শামিল।
কংগ্রেসের রাজনৈতিক চরিত্রের সমালোচনা করে শ্রী সোনোয়াল বলেন, “Congress for Corruption, Congress for Communalism, Congress for Conflict।”
অর্থাৎ তাঁর অভিযোগ অনুযায়ী, কংগ্রেসের রাজনীতি দুর্নীতি, সাম্প্রদায়িক বিভাজন এবং সংঘাতকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে। দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেওয়াই কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক চরিত্র বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে কংগ্রেস ৫৬টি রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট ও উত্তরপ্রদেশে দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, দেশের জনগণ কংগ্রেসের নেতিবাচক রাজনীতিকে ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মসূচির সাফল্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,কংগ্রেস দীর্ঘদিন ধরে ‘গরিবি হটাও’ স্লোগান দিয়ে নির্বাচন জিতলেও দারিদ্র্য দূরীকরণের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন।
তিনি দাবি করেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য সাফল্য বলে তিনি মন্তব্য করেন।
আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রায় ৫০ কোটি মানুষ স্বাস্থ্যসুরক্ষার সুবিধা পেয়েছেন। পাশাপাশি দরিদ্র মানুষের জন্য পাকা বাড়ি, শৌচালয়, রান্নার গ্যাস, বিদ্যুৎ, খাদ্যশস্য, চিকিৎসা পরিষেবা এবং গ্রামীণ সড়ক নির্মাণের মতো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।
তিনি বলেন, একজন সাধারণ নাগরিককে প্রকৃত অর্থে স্বনির্ভর ও ক্ষমতায়িত করে তুলতে যে সমস্ত মৌলিক পরিষেবা প্রয়োজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেগুলি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে।
‘সবকা সাথ, সবকা বিকাশ’ এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ নীতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি শ্রেণির মানুষকে উন্নয়নের মূলস্রোতে যুক্ত করেছেন। এর ফলে ভারতের জাতীয় শক্তি ও আন্তর্জাতিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং সামাজিক চিন্তাধারায় পশ্চিমবঙ্গের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ভারতকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।
দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশকে ব্যর্থ কর্মসূচি বলে কটাক্ষ করেন শ্রী সোনোয়াল।তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও ইন্ডি জোটের নেতারা বিপুল জনসমাগমের দাবি করলেও বাস্তবে জনগণের প্রত্যাশিত সমর্থন পাননি।
তাঁর বক্তব্য, দেশের মানুষ বিরোধীদের প্রকৃত উদ্দেশ্য বুঝে গিয়েছেন। কংগ্রেস ও তার সহযোগী দলগুলির কাছে দেশের উন্নয়ন বা সাধারণ মানুষের ক্ষমতায়নের কোনও সুস্পষ্ট নীতি নেই। তাঁদের একমাত্র লক্ষ্য ক্ষমতা দখল করে নিজেদের রাজনৈতিক ও পারিবারিক স্বার্থ রক্ষা করা।
তিনি বলেন, বিরোধীরা অন্যান্য দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির অনুকরণে ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত করার চেষ্টা করেছিল। কিন্তু দেশের জনগণ সেই প্রচেষ্টার অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে পেরেছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে অসম-সহ সমগ্র উত্তর-পূর্ব ভারত দীর্ঘদিন অবহেলিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হয়েছে।
রেলপথের ডাবলিং, রেলপথের বৈদ্যুতিকীকরণ, বুলেট ট্রেনের ঘোষণা এবং যোগাযোগ ও পরিকাঠামো ক্ষেত্রে প্রায় ৭ লক্ষ কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় যে উন্নয়নের কথা উত্তর-পূর্ব ভারতের মানুষ কল্পনাও করতে পারতেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্ব ভারতকে শুধু ‘North East’ হিসেবে দেখেন না, বরং ‘New Engine for India’s Growth’অর্থাৎ ভারতের উন্নয়নের নতুন চালিকাশক্তি হিসেবে বিবেচনা করেন।
তাঁর বক্তব্য, ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দেশের প্রতিটি রাজ্যের সমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার কাজ করছে।
আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিটি সংকটের মধ্যেও নতুন সম্ভাবনা খুঁজে বের করা।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে বিশ্বজুড়ে উত্তেজনা ও অনিশ্চয়তা সৃষ্টি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ফলে ভারত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হয়েছে।
বিরোধীরা দেশে জ্বালানি সংকটের আশঙ্কা প্রকাশ করলেও সরকার সেই পরিস্থিতি সৃষ্টি হতে দেয়নি বলে তিনি দাবি করেন। সার, এলপিজি, এলএনজি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে ভারত সরকার প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও তিনি জানান।
‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে দেশজুড়ে জনগণের সাড়া সম্পর্কে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন। তাঁর দাবি, সাধারণ মানুষ উন্নয়ন, সামাজিক ন্যায় এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুফল প্রত্যক্ষ করেছেন বলেই এই কর্মসূচির প্রতি সমর্থন জানাচ্ছেন।
তিনি বলেন, যে মানুষ একসময় শৌচালয়, পাকা বাড়ি, বিদ্যুৎ, রান্নার গ্যাস, খাদ্যসুরক্ষা এবং চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের জীবনে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি ইতিবাচক পরিবর্তন এনেছে। এই পরিবর্তনই সাধারণ মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।
দেশজুড়ে বিজেপির শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও এই কর্মসূচির প্রয়োজনীয়তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী সোনোয়াল বলেন, অরাজকতা কোনও সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে গ্রহণযোগ্য হতে পারে না। গণতন্ত্রের সুরক্ষা, নাগরিকদের অধিকার রক্ষা এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা শুধু কোনও একটি রাজনৈতিক দলের দায়িত্ব নয়, প্রতিটি ভারতীয় নাগরিকের জাতীয় কর্তব্য।
তিনি বলেন, দেশের পরিবেশ অস্থিতিশীল করে তোলার প্রচেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ইতিবাচক উন্নয়নের রাজনীতিকে শক্তিশালী করতে এবং নেতিবাচক রাজনৈতিক শক্তির প্রভাব প্রতিহত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগামী দুই দশকে ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত রাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থির করেছেন, তার সবচেয়ে বড় সুফলভোগী হবেন দেশের তরুণ প্রজন্ম।
তাঁর বক্তব্য, নতুন প্রজন্মের কর্মসংস্থান, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই কারণেই অরাজকতা ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে ইতিবাচক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
ইন্ডি জোটে বামপন্থী দলগুলির অবস্থান সম্পর্কে প্রশ্নের উত্তরে শ্রী সোনোয়াল বলেন,কংগ্রেস ও রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস, বামপন্থী দল-সহ বিভিন্ন রাজনৈতিক শক্তি রয়েছে। দিল্লির রামলীলা ময়দানে তাদের একত্রিত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর সমালোচনা কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং সমগ্র বিরোধী জোটের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে।
তিনি অভিযোগ করেন, এই জোটের রাজনৈতিক কার্যকলাপ দেশের স্বার্থ ও গণতান্ত্রিক স্থিতিশীলতার পরিপন্থী।
সাংবাদিক সম্মেলনের শেষ পর্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন,দেশের জনগণ বারবার কংগ্রেস ও তার সহযোগী দলগুলির নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন এবং আগামী দিনেও করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, সামাজিক ন্যায় এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা রক্ষা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হোন।
তাঁর বক্তব্য, দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হলে অরাজকতা, বিভ্রান্তি ও নেতিবাচক রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের সচেতন ও ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত জরুরি।
