Saturday, September 19, 2026
HomeBreakingজলপাইগুড়ি শহরে চললো গুলি! তদন্তে পুলিশ

জলপাইগুড়ি শহরে চললো গুলি! তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা জলপাইগুড়ি ১৯ সেপ্টেম্বর:

জলপাইগুড়ি থেকে আজকের সবচেয়ে বড় খবর।বোর্ড গঠনের কয়েক ঘণ্টা আগে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গুলি চালানোর অভিযোগ! অফিস ঘরে ভাঙচুর, হুমকির অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি শহরে পুরসভার নতুন বোর্ড গঠনকে ঘিরে যখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই তৃণমূল কাউন্সিলর তপন ব্যানার্জির বাড়িতে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে এসে অফিস ঘরে ভাঙচুর চালায়। এরপর হুমকি দিয়ে এক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ঘটনায় আতঙ্কিত তপন ব্যানার্জির স্ত্রী তথা প্রাক্তন কাউন্সিলর সঙ্গীতা ব্যানার্জিও।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, আজই জলপাইগুড়ি পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের নতুন বোর্ড গঠনের কথা। আর তার ঠিক আগে পুরসভার চেয়ারম্যান পদের অন্যতম দাবিদার তপন ব্যানার্জির বাড়িতে এই হামলার অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সম্প্রতি জলপাইগুড়ি পুরসভায় নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে।
ঘটনার পর তপন ব্যানার্জি বলেন, জলপাইগুড়ি শহরে এমন পরিবেশ আগে কখনও ছিল না। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা শান্ত জলপাইগুড়ি শহরে অশান্তি তৈরির চেষ্টা করছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলি চালানোর অভিযোগের সত্যতা, হামলার পিছনে কারা রয়েছে এবং ঘটনার সঙ্গে পুরবোর্ড গঠন ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কোনও যোগ রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বিউরো রিপোর্ট আমার বাংলা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments