প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি ৭ ডিসেম্বর:শিলিগুড়ি শহরে থাকতে সাবধান।
শিলিগুড়ি শহরের পথে-ঘাটে হাঁটতে সাবধান।
শিলিগুড়ি শহরে বাড়িতে থাকতে সাবধান।
শিলিগুড়ি শহরে বাড়ি তালা দিয়ে বেরোতেও সাবধান।
আপনি বুঝতেও পারবেন না কখন আপনার বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে সর্বস্ব নিয়ে চলে যাবে।
আপনি হয়তো ভাবছেন ১৫-২০ মিনিটের মধ্যেই বাড়ি ফিরে আসবেন, কিন্তু ওই সময়েই অপারেশন করে ফেলবে দুষ্কৃতীরা।
বাড়ির দরজার তালা ভেঙে, দোকানের টিনের চাল কেটে, ঘুমের মধ্যে স্প্রে করে যে কোন ভাবেই অপারেশন চালিয়ে ফেলতে পারে দুষ্কৃতীদল।
কার্যত শিলিগুড়ি শহরে চলছে এখন দুষ্কৃতীরাজ।
তবে প্রতিটি ক্ষেত্রেই অপরাধীরা ধরা পড়ার পাশাপাশি চুরি ডাকাতি হওয়া জিনিস উদ্ধার হলেও নতুন নতুন ক্রাইম হয়েই চলেছে। আর এই কারণেই হিমশিম শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশকর্মীরা।
কিছুদিন আগে শিলিগুড়ি থানার অন্তর্গত মিলনপল্লীর পিএনটি গলি এলাকায় একটি চুরির ঘটনা ঘটে।
বাড়ি ছেড়ে আধঘণ্টার জন্য গিয়েছিল পরিবারের সবাই।
আর ওই সময় অপারেশন চালায় দুই দুষ্কৃতি। দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে, দরজা ভেঙে ঘরে ঢুকে, বাড়ির সমস্ত স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী।
বাড়ি ফিরে এসে সমস্ত কিছু লণ্ডভণ্ড দেখে মাথায় হাত পড়ে গৃহকর্তার। এরপর তারা শরণাপন্ন হয় শিলিগুড়ি থানার পুলিশের। ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগানোর পাশাপাশি এলাকার সিসিটিভি থেকে দুষ্কৃতীদের ছবি সংগ্রহ করার চেষ্টা চালায় পুলিশ। অবশেষে মেলে সাফল্য। সিসিটিভি থেকে এক দুষ্কৃতিকে চিহ্নিত করে তাকে গতকাল রাতে গ্রেফতার করল শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। ধৃতের নাম প্রকাশ দেব। ধৃতের বাড়ি শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায়। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার। ধৃত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে এবং অপর এক দুষ্কৃতী এই অপরাধের ঘটনা ঘটিয়েছে। এবার সেই দুষ্কৃতীকে ধরতে মরিয়া প্রয়াস চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ পাশাপাশি বাকি স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ধৃত প্রকাশ দেবকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে অপর অভিযুক্তকে গ্রেফতার এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চালানো হবে বলেই জানিয়েছে শিলিগুড়ি থানার তদন্তকারী অফিসাররা।
